পুলিশি হেফাজতের মধ্যে এক নাবালকের রহস্য মৃত্যু কে কেন্দ্র করে বীরভূমের মল্লারপুর বিক্ষোভে ফেটে পড়ল। চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে মল্লারপুর থানায়। জানা গিয়েছে বীরভূমের মল্লারপুর থানা এলাকায় বাড়ি এক নাবালকের যার বয়স মাত্র ১৫ বছর, গত চার দিন আগে সে একটি মোবাইল চুরি করেছিল, তখনই তাকে গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু নাবালক হওয়া সত্ত্বেও তাকে হোমে না রেখে, থানার মধ্যেই আটকে রাখে মল্লারপুর থানার পুলিশ । তাকে রীতিমতো মারধর করা হয় বলে অভিযোগ করেছে ওই কিশোর এর পরিবার । এক সময় তার পরদিন সকালে ওই কিশোরের মৃত্যু হয়।
কিন্তু পুলিশ দাবি করেছে, মল্লারপুর থানা লকআপে তাকে রাখা হয়নি, লক আপ এর বাইরে তাকে একটি চেয়ারে বসিয়ে রাখা হয়েছিল। কিন্তু হঠাৎই সে বাথরুমে যাওয়ার কথা বলে সেখান থেকে উঠে যায়। তারপরেই বাথরুমে গিয়ে গলায় দড়ি দিয়ে নিজের জীবন শেষ করে দেয় ওই কিশোর। কিন্তু মল্লারপুর থানার পুলিশের এই দাবি কিছুতেই মেনে নিচ্ছেন না এলাকাবাসী।
ঘটনার দিন থেকেই দফায় দফায় বীরভূমে বিক্ষোভ প্রদর্শন করেছে মল্লারপুর থানার স্থানীয় বাসিন্দারা।
রাস্তায় টায়ার জ্বালিয়ে গণবিক্ষোভ প্রদর্শিত হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের পাঠিয়েছে। এই ঘটনার প্রতিবাদে মল্লারপুরে বনধ্ ডেকেছে বিজেপি। জানা গিয়েছে ম্যাজিস্ট্রেট নিজে উপস্থিত থেকে ময়নাতদন্তের বিষয়টি তত্ত্বাবধান করবেন।
আজ শনিবার মল্লারপুরে ১২ ঘন্টার বনধ্ পালিত হচ্ছে। অনেক জায়গাতেই দেখা গিয়েছে থমথমে পরিবেশ, বন্ধ বহু দোকানপাট। রীতিমতো উত্তপ্ত হয়ে রয়েছে সামগ্রিক পরিস্থিতি।
কিন্তু ওই নাবালকের বাবা-মা হঠাৎ করে তাদের বয়ান পাল্টে দাবি করেছেন, যে তাদের ছেলে আত্মহত্যাই করেছে।