সারা পৃথিবীর বুকে আতঙ্কের এক ভয়াবহ আবহের সৃষ্টি করেছে করোনা ভাইরাস। সারা পৃথিবীতে মৃত্যুর বিভীষিকা ছড়িয়ে দিয়েছে এই মহামারী। প্রতিদিন এই মহামারীর শিকার হচ্ছেন অগুনতি মানুষজন। মৃত্যু মিছিল অব্যাহত রয়েছে। এখনো পর্যন্ত সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫৭ লক্ষ ১ হাজার ৬৬৪ জন। এই মহামারীর শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, ১০ লক্ষ ৪৫ হাজার ৯৫৩ জন। সুস্থ্য হয়ে উঠেছেন ২ কোটি ৬৮ লক্ষ ৭০ হাজার ৫৩৩ জন। ভারতেও করোনা আক্রান্তের দৈনিক পরিসংখ্যান বেশ কিছুটা কমেছে বলে জানা গিয়েছে। ভারতে মোট করোনার গ্রাসে পড়েছেন ৬৬ লক্ষ ৮৫ হাজার ৮ জন। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩ হাজার ৬০০ জনের। সুস্থ্য হয়েছেন ৫৬ লক্ষ ৬২ হাজার ৪৯০ জন। আক্রান্তের নিরিখে বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থান রয়েছে ভারতের।
সাধারণ মানুষ থেকে শুরু করে বহু নেতা মন্ত্রী এবং সেলিব্রিটিরাও করোনা ভাইরাসের কবলে পড়েছেন। এবার বিখ্যাত টলিউড অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরে হানা দিলো করোনা। জানা গেছে গত কয়েকদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এমনিতেই গতবছর নিউমোনিয়ায় ভুগেছিলেন সৌমিত্র বাবু। অনেকদিন থেকেই শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাঁর। এছাড়াও বহুদিন ধরে তিনি সিওপিডিতে ভুগছেন। টলিউডের বেশকিছু অভিনেতা-অভিনেত্রীর এবং পরিচালকের শরীরে হানা দিয়েছে করোনা। বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তী করোনার শিকার হয়েছিলেন, এছাড়াও অভিনেতা সোহম চক্রবর্তী এবং রঞ্জিত মল্লিক সহ তাঁর পরিবার করোনায় আক্রান্ত হয়েছিলেন।
অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় কে আজ মঙ্গলবার বেলা সাড়ে দশটা নাগাদ বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। গত কয়েকদিন ধরেই করোনা ভাইরাসের সংক্রমণের উপসর্গ তাঁর শরীরে দেখা যাচ্ছিলো। গত বছরেও অ্যাকিউট নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
জানা গিয়েছে সৌমিত্র বাবু কে অত্যন্ত কড়া পর্যবেক্ষণে রেখে দেওয়া হয়েছে। এই খবর শোনার পর উদ্বেগের আবহ দেখা দিয়েছে তাঁর ভক্তদের মধ্যে।